মাধবপুরে সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) দুপুরে সুরমা চা বাগান সদর নাচঘরে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করেন সংগঠনের সদস্য ও স্থানীয়রা।
অমৃত লাল গৌড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি বিরেন্দ্র গৌড়, সাধারণ সম্পাদক সুমন গৌড়, মিন্টু কল, নেতা গৌড়, শীতল কর্মকার ও দ্বীপ গৌড়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে সুরমা চা বাগান যুব সংঘ এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি নিজেকে নিয়োজিত রেখেছে।
ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের মাধ্যমে যুবসমাজকে মানবিক ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা। সবশেষে এলাকার উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও শুভেচ্ছা বিনিময় করা হয়।

