কাতারে ভবন থেকে পড়ে কুলাউড়ার যুবকের মৃত্যু
কাতারে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ছাদ থেকে নিচে পড়ে আজম মিয়া (৩২) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) কাতারের রাজধানী দোহার একটি নির্মাণাধীন ভবনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আজম মিয়া মৌলভীবাজারের কুলাউড়া সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মতিন মিয়ার দ্বিতীয় ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আজম মিয়া প্রায় ৫-৬ বছর ধরে কাতারে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। শনিবার রাতে কাজে যাওয়ার আগে স্ত্রীর সঙ্গে ইমোতে তার শেষ কথা হয়। স্ত্রী সুলতানা বেগমকে আজম জানিয়েছিলেন, দিনের প্রচণ্ড গরমের কারণে তারা রাতে কাজ করছেন এবং কাজ শেষে ফিরে কল দেবেন। কিন্তু সেই কলের অপেক্ষায় থাকা স্ত্রীর কাছে রবিবার সকাল ৮টার দিকে দুঃসংবাদ আসে।
স্বজনরা জানান, আজম বহুতল ভবনে কাজ করার সময় রশি ছিঁড়ে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে পুলিশ আজম মিয়ার মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে রেখেছে।
আজমের বড় ভাই মাতাব মিয়া জানান, কাতারে থাকা আত্মীয়দের মাধ্যমে মৃত্যুর খবরটি তারা নিশ্চিত হয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আজমের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে এখন দিশেহারা। প্রায় দুই বছর আগে তিনি তিন মাসের ছুটিতে বাড়ি এসেছিলেন।
এদিকে, প্রবাসী আজম মিয়ার অকাল মৃত্যুতে লক্ষীপুর গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে নিহতের পরিবার।
