নগরবাসীর সহযোগিতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ অসম্ভব: সিসিক প্রশাসক
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সিটি করপোরেশনের একরত্তি উদ্যোগ যথেষ্ট নয়, এর জন্য নগরবাসীর সর্বাত্মক সচেতনতা ও সম্মিলিত সামাজিক উদ্যোগ অত্যন্ত জরুরি।
রোববার সকালে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে সিসিকের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক র্যালির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। নগর ভবন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সিসিক প্রশাসক বলেন, নগর পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত মশক নিধন এবং এডিস মশার লার্ভা ধ্বংসে বাড়ি বাড়ি অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে এসব উদ্যোগের পরও মশা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া এ কাজে সফল হওয়া কঠিন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশে কোথাও পানি জমে আছে কি না, তা নিয়মিত দেখতে হবে। যেসব পাত্র বা স্থানে পানি জমতে পারে, সেগুলো পরিষ্কার রাখতে হবে। একই সঙ্গে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ পরিচ্ছন্ন রাখার দায়িত্বও নাগরিকদের নিতে হবে।
নিয়মিত মশক নিধন ও লার্ভা ধ্বংসের কাজ চালানো হলেও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গুর বিস্তার রোধ করা কঠিন। এ সময় তিনি বাসাবাড়ি ও আশপাশের জমে থাকা পরিষ্কার পানি নিয়মিত অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান সিসিক প্রশাসক।

