গোয়াইনঘাটে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও দুটি নৌকা ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে উপজেলার নতুন ভাংগা হাওর, বিছানাকান্দি জিরো পয়েন্ট, গোরাগ্রাম ও মনোরতল বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হলেও সরাসরি সম্পৃক্ততা না পাওয়ায় তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি তিনজনকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা সহায়তা করেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন বলেন, সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশের ক্ষতি করে বা আইন অমান্য করে বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও বিজিবি, পুলিশ ও আনসারের সহযোগিতায় টাস্কফোর্স অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

