কানাইঘাটে জিপিএ-৫ প্রাপ্ত ৬৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধিত
কানাইঘাটে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে ‘কানাইঘাট সমিতি, সিলেট মহানগর’। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে পৌরশহরের আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে ৬৬ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও এককালীন বৃত্তি প্রদান করা হয়।
সমিতির সিনিয়র সহ-সভাপতি ব্যাংকার বদরুল আমিন হারুনের সভাপতিত্বে এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সেক্রেটারী মো. জাকারিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফুলবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাকির হোসেন বলেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। কানাইঘাট সমিতির এই মহতি উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ হান্নান বলেন, “কানাইঘাট সমিতির মতো সামাজিক সংগঠনগুলো যখন কৃতি শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়, তখন শিক্ষাক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মনসুরিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খলিলুর রহমান, সমিতির উপদেষ্টা মাস্টার জালাল উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফয়ছল আহমদ, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মেয়র প্রার্থী একেএম ওলি উল্লাহ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা ইকবাল হোসাইন, জৈন্তিয়া উন্নয়ন পরিষদ কানাইঘাট শাখার সভাপতি মুহিবুর রহমান ও সিনিয়র সহ-সভাপতি শমসের আলম।
সমিতির দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শামসুন নুর, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন, সদস্য আব্দুল গফুর ও মহি উদ্দিন জাবের। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
অতিথিবৃন্দ কানাইঘাট সমিতি সিলেট মহানগরের এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
