মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশের ন্যায় হবিগঞ্জের মাধবপুরেও ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই কর্মসূচি পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি সম্প্রচারিত ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় উপভোগ করেন উপস্থিত সকলে।
অনুষ্ঠানে মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, ছাত্রদল নেতা ইমন খান ও জুয়েল মিয়াসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা পরিষদ ও পৌরসভা কার্যালয় চত্বরে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারি কার্যালয় ও এর আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানকালে ইউএনও মো. মেহেদী হাসান ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজের বাড়িঘর, অফিস-আদালত ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে টব, ডাবের খোসা বা কোনো পাত্রে যাতে পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। মশার প্রজনন উৎস ধ্বংস করলেই ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।
উল্লেখ্য, ডেঙ্গু মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
