বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১৭তম প্রয়াণ দিবস পালিত
বাউল সম্রাট ও একুশে পদকপ্রাপ্ত সাধক শাহ আব্দুল করিমের ১৭তম প্রয়াণ দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাউল সাধক শাহ আব্দুল করিমের জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণমূলক আলোচনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রাক্তন অধ্যক্ষ শেরগুল আহমদ, লেখক ও গবেষক সুভাষ উদ্দিন, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক খলিল রহমান এবং বাউল তছকির আলী। সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, শাহ আব্দুল করিম শুধু একজন বাউল নন, তিনি ছিলেন মাটি ও মানুষের সুরের জাদুকর। তাঁর সৃষ্টি আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যা যুগ যুগ ধরে মানুষকে অসাম্প্রদায়িক চেতনার শিক্ষা দেয়।
আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জনপ্রিয় সব গান পরিবেশন করেন বাউল তছকির আলী, জুবায়ের বখত সেবুল, আছদ আলী, তুতি মিয়া, শফিক মিয়া, বিভাষ দাস, আব্দুল আলীম, সুলেমান মিয়া, হানিফ মিয়া, সাজিদ মিয়া, ছালাম ভান্ডারী ও বিল্লাল হামিদ।
সম্পূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা বাউল শিল্পী সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমদ। গুণী এই শিল্পীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংস্কৃতিমনা দর্শক মিলনায়তনে উপস্থিত ছিলেন।
