সিলেটে ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার
সিলেট মহানগরীর কাজিটুলা এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া দুজন হলেন জোবাইন আহমদ (২৮) ও কাওছার আহমদ (১৮)। পুলিশ বলছে, তারা দুজনই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী।
পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরে কোতোয়ালী থানাধীন কাজিটুলা এলাকায় মিছিল আয়োজনের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে জোবাইন আহমদ ও কাওছার আহমদকে আটক করা হয়। গ্রেফতার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, ‘কাজিটুলায় মিছিল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

