সিলেটে একাধিক মামলার আসামি ‘মাছচোরা রাজিব’ গ্রেফতার
সিলেটে পুলিশ সদস্যদের ওপর হামলাকারী এবং অস্ত্র ও দস্যুতাসহ অন্তত পাঁচটি গুরুতর মামলার পলাতক আসামি রাজিব হোসেন ওরফে ‘মাছচোরা রাজিব’কে (৩১) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘ দিন ধরে মাথায় জট ও সন্ন্যাসীর ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিলেন। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নগরের কাষ্টঘর এলাকায় এক যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বন্দরবাজার ফাঁড়ি এবং ডিবি সিআরটি স্পেশাল টিম এই বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেফতারের সময় তল্লাশি চালিয়ে রাজিবের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার রাজিব কোতোয়ালি মডেল থানার একটি পুলিশ অ্যাসল্ট মামলার (মামলা নম্বর: ২৪(৮)২৬) প্রধান আসামি। সম্প্রতি কাষ্টঘর এলাকায় পুলিশি অভিযান চলাকালীন তিনি কর্তব্যরত এক পুলিশ সদস্যের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন। এই চাঞ্চল্যকর ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি, দস্যুতার দুটি এবং বিশেষ ক্ষমতা আইনে একটিসহ আরও কয়েকটি মামলা রয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজিব অত্যন্ত ধূর্ত প্রকৃতির অপরাধী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তিনি নিয়মিত স্থান পরিবর্তন করতেন এবং ছদ্মবেশ ধারণ করতেন। সবশেষ নিজেকে আড়াল করতে তিনি সন্ন্যাসীর বেশ ধারণ করলেও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, গ্রেফতারকৃত রাজিব হোসেন ওরফে মাছচোরা রাজিবের বিরুদ্ধে কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি পুলিশের ওপর হামলার ঘটনারও প্রধান আসামি। গ্রেফতারের পর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

