জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার
সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকা এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জামালগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেরে আলম শেরুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সভায় বহিষ্কৃত সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপের বিরুদ্ধে ক্লাববিরোধী নানা কর্মকাণ্ডের তথ্য তুলে ধরা হয়।
সভায় অভিযোগ করা হয়, সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি ক্লাবের অধিকাংশ সদস্যদের মতামত ও সিদ্ধান্তকে উপেক্ষা করে আসছিলেন। এছাড়া ইতিপূর্বে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত ব্যক্তিদের সাথে সখ্যতা গড়ে তুলে ক্লাবের স্বার্থবিরোধী অবস্থানে লিপ্ত হওয়া এবং দীর্ঘ কয়েক মাস যাবত ক্লাবের গুরুত্বপূর্ণ সভায় অনুপস্থিত থেকে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা সৃষ্টির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
সভায় সহ-সভাপতি মো. জিয়াউর রহমান বহিষ্কারের প্রস্তাব উত্থাপন করলে উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে তৌহিদ চৌধুরী প্রদীপকে সভাপতির পদসহ সাধারণ সদস্য পদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন— ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ বিন ওয়াহিদ, সহ-সাধারণ সম্পাদক দিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত রায়, কোষাধ্যক্ষ মহসিন কবির, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী, নির্বাহী সদস্য মো. ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়েস্থ, মো. হাবিবুর রহমান এবং সাধারণ সদস্য আতিকুর রহমান।
একই সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে সিনিয়র সহ-সভাপতি শেরে আলম শেরুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়েছে। এখন থেকে ক্লাবের সকল দাপ্তরিক ও প্রশাসনিক যোগাযোগ এবং পত্র আদান-প্রদানের ক্ষেত্রে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।
