জগন্নাথপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এম এ মুকিত।
উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার মামুন হাওলাদার। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলু মিয়া এবং সাংবাদিক ফুজায়েল আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান যুগে কেবল অক্ষরজ্ঞান অর্জনই যথেষ্ট নয়, মানুষকে দক্ষ, সচেতন ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ করে ঝরে পড়া শিক্ষার্থী ও নিরক্ষর জনগোষ্ঠীকে বৃত্তিমূলক ও সাধারণ শিক্ষার আওতায় এনে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে।
বক্তারা আরও বলেন, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় নিরক্ষরতামুক্ত সমাজ গঠন করা সম্ভব। শিক্ষার আলো প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথক পৃথক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
