মাধবপুরে বিশ্ব সাক্ষরতা দিবস পালিত
‘সাক্ষরতা অর্জন করি, বৈষম্য দূর করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদি হাসান। অনুষ্ঠানে মাধবপুর পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ কবির হোসেন এবং সহকারী শিক্ষা অফিসার মশিউর রহমান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। দেশের সামগ্রিক উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে প্রতিটি মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে হবে। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিশুদের পুনরায় শিক্ষার আওতায় আনতে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভার আগে দিবসটির তাৎপর্য তুলে ধরে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
