কমলগঞ্জে দুই খাদ্য প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি খাদ্য প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শমসেরনগর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোকশেদ উল্লাহ।
আদালত সূত্রে জানা যায়, শমসেরনগর এলাকার ‘আলীবাবা রেস্টুরেন্ট’-এ প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, বিএসটিআই লাইসেন্স ব্যতীত দই উৎপাদন, খাদ্যে ক্ষতিকর রং ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এছাড়া বাসি ভাত ও তরকারি সংরক্ষণ, কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার একই ফ্রিজে রাখা, বিষ্ঠাসহ ডিম সিদ্ধ করা এবং উন্মুক্ত খাবারে মাছির উপদ্রবসহ গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
একই অভিযানে ‘সিমা আইসক্রিম ফ্যাক্টরি’তে বিএসটিআই লাইসেন্স ছাড়াই আইসক্রিম উৎপাদন, কাপড়ে ব্যবহৃত রং ও প্রিজারভেটিভ ব্যবহার এবং চরম নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের বিষয়টি ধরা পড়ে। এমনকি উৎপাদন স্থলেই টয়লেটে ব্যবহৃত বদনা পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জরিমানার মোট ১ লাখ ৫০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে নিরাপদ খাদ্য অফিসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোকশেদ উল্লাহ জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারী কোনো প্রতিষ্ঠানের সঙ্গেই আপস করা হবে না।
