মৌলভীবাজারে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মৌলভীবাজারে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মৌলভীবাজার শহরের বনশ্রী রোড এলাকায় পৃথক দুটি অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ৮টি মামলায় মোট ৭ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বনশ্রী রোড এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(১) ধারা লঙ্ঘনের দায়ে ৪টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই সময়ে ও একই এলাকায় অপর একটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি। তাঁর অভিযানে একই আইনের ৬৬ ও ৯২(১) ধারায় আরও ৪টি মামলা দায়ের করে ৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
পৃথক দুই অভিযানে মোট ৮টি মামলায় অভিযুক্তদের কাছ থেকে মোট ৭ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করেন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটগণ।
জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন লঙ্ঘন প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
