সিলেটে ঝটিকা মিছিলের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার
সিলেট নগরীতে ঝটিকা মিছিল ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। পৃথক অভিযানে শুক্রবার (৪ সেপ্টেম্বর) ও আজ রোববার (৬ সেপ্টেম্বর) নগরীর দুটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ময়মনসিংহের ধোবাউড়া থানার কামালপুর এলাকার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. সোহেল আহমদ (২০) এবং সুনামগঞ্জের ছাতক থানাধীন দিঘলী রামপুর এলাকার আব্দুস শহীদের ছেলে রবিউল ইসলাম হৃদয় (২৬)। সোহেলকে জল্লারপাড় এবং হৃদয়কে নেহারিপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট (শুক্রবার) নগরীর পূর্ব জিন্দাবাজারের বারুতখানা পয়েন্ট থেকে জেল রোড পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে। এ ঘটনায় ৩০ আগস্ট সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-৫৩)। ওই মামলার তদন্তের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

