দোয়ারাবাজারে ১০৭ শিক্ষার্থী পেল আব্দুল আজিজ মাস্টার স্মৃতি মেধাবৃত্তি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯নং সুরমা ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘মরহুম আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশন’ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (০৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার সুরমা ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরুপ রতন সিংহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, এবারের মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার মোট ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। যাচাই-বাছাই ও মেধা তালিকার ভিত্তিতে এর মধ্যে ১০৭ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকেই বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অরুপ রতন সিংহ বলেন, শিক্ষার মানোন্নয়নে এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করে। মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হলে সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার ওপরও জোর দিতে হবে। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পড়াশোনা ও সৃজনশীল কাজের কোনো বিকল্প নেই। আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— সমুজ আলী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো. স্বাধীন মাহমুদ জালাল, নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মশিউর রহমান (মাস্টার), মুফতি আলী হায়দার, সমুজ আলী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার জিয়া উদ্দীন।
অনুষ্ঠানটি সার্বিক তদারকি করেন মরহুম আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. আব্দুল আউয়াল এবং পরীক্ষা নিয়ন্ত্রক বদিউজ্জামান মোরাদ। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষক মন্ডলী অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
