জগন্নাথপুরে অসামাজিক কার্যকলাপ ও মাদক বন্ধের দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে মাদক, জুয়া, অসামাজিক কর্মকাণ্ড ও ইসলাম বিরোধী কার্যকলাপ বন্ধের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পীরেরগাঁও শাহদামড়ী বাজারে ‘ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় ওলামায়ে কেরাম, মুরব্বি, যুবক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির সভাপতি সাইনজব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি হুসাইন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় দিন দিন মাদক, জুয়া এবং অসামাজিক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। উচ্চস্বরে গান-বাজনা ও অপসংস্কৃতির প্রভাবে যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। এসব কর্মকাণ্ড কেবল ধর্মীয় মূল্যবোধেরই পরিপন্থী নয়, বরং সামাজিক শান্তি-শৃঙ্খলাও বিঘ্নিত করছে।
বক্তারা অনতিবিলম্বে এসব অপকর্ম বন্ধের দাবি জানিয়ে আরও বলেন, একটি আদর্শ ও সুশৃঙ্খল সমাজ গঠনে সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। অন্যথায় এলাকাবাসী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা মো. লিলু মিয়া, মো. আলী আহমদ, মাওলানা আব্দুল বাছিত, সহ-সভাপতি মাওলানা মো. নূরুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান ও মাওলানা আবদুল খালিক, সহ-সম্পাদক মাওলানা ফজলুর রহমান ফয়েজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. লুৎফুর রহমান খান, অর্থ সম্পাদক মো. আলী রাজা এবং প্রচার সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আইনুল হক, মো. ছায়াদ আলী, মো. গৌছ উদ্দিন, মো. ফজর আলী, মো. আব্দুল আজিজ, আনোয়ার আলী, মো. তছর উদ্দিন, নজির আহমদ, সুরুত জামাল, আবু সৈয়দ, মো. সাইফুল ইসলামসহ এলাকার কয়েক শতাধিক ধর্মপ্রাণ মানুষ।
