জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ওজনে কারচুপি ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার স্লুইজ গেট এলাকায় এই অভিযান পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন।
আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশ, ওজনে কম দেওয়া এবং বিএসটিআই’র প্যাকেজিং লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনের আওতায় দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সিলেটের কর্মকর্তারা কারিগরি সহায়তা প্রদান করেন। এছাড়া জগন্নাথপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অভিযানের আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন।
প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তারা মনে করেন, নিয়মিত তদারকি ও এমন আইনগত ব্যবস্থা গ্রহণের ফলে ব্যবসায়ীদের মধ্যে আইন মেনে চলার প্রবণতা বাড়বে এবং ভোক্তাদের অধিকার সুরক্ষিত হবে।
অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন জানান, জনস্বার্থে ভেজাল রোধ, অস্বাস্থ্যকর পরিবেশ নির্মূল এবং ওজনে কারচুপি বন্ধে আমাদের এই কঠোর অবস্থান বজায় থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
