ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন নাসের রহমান
জাতীয় সংসদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির’ সভাপতি নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. নাসের রহমান। এর মধ্য দিয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় সংসদের নীতি-নির্ধারণী পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে ত্রয়োদশ জাতীয় সংসদের এই কমিটি গঠন করা হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। সংসদে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার পর এম. নাসের রহমানকে সভাপতি করে কমিটি ঘোষণা করা হয়।
সংসদে প্রস্তাব উত্থাপনকালে চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী সংসদ-নেতার অনুমতিক্রমে ১০ সদস্যের এই ‘ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠনের প্রস্তাব করা হলো।
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত নবগঠিত এই স্থায়ী কমিটির সদস্যরা হলেন— ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংসদ সদস্য জয়নাল আবেদীন, সরদার সরফ উদ্দিন আহমেদ, শাহ মো. ওয়ারেছ আলী মামুন, এরশাদুল্লাহ, সুলতানা আহমেদ, মাহবুবুর রহমান বেলাল ও মাহমুদুল্লাহ।
সংসদীয় স্থায়ী কমিটিগুলো সাধারণত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং সংসদের কাছে প্রয়োজনীয় সুপারিশ পেশ করার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করে। বিশেষ করে ভূমি ব্যবস্থাপনা, ডিজিটাল রেকর্ড ও জরিপ, খাসজমি বণ্টন, ভূমি অধিগ্রহণ এবং সাধারণ মানুষের ভূমি-সংক্রান্ত হয়রানি বন্ধে এই কমিটির বিশেষ নজরদারির সুযোগ রয়েছে।
মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান এই গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁর নির্বাচনী এলাকা মৌলভীবাজার ও রাজনগরে আনন্দের আমেজ বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর নেতৃত্বে ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত হবে এবং জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে কমিটি কার্যকর ভূমিকা রাখবে।
