কুলাউড়ায় প্রবাসীর বাড়ীর যাতায়াতের রাস্তা বন্ধ করলেন ছাত্রলীগ নেতা
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এক প্রবাসীর যাতায়াতের একমাত্র রাস্তা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। শুধু রাস্তা বন্ধই নয়, বাধা দিতে গেলে কাতার প্রবাসী নাজিম আহমেদের বৃদ্ধ বাবা ও মাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগও পাওয়া গেছে।
অভিযুক্ত জালাল আহমদ লুলু ব্রাহ্মণবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা হিসেবে পরিচিত। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর পিতা গৌছ মিয়া বাদী হয়ে লুলুর বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবাসী নাজিম আহমেদ দীর্ঘদিন ধরে কাতারে অবস্থান করছেন। বাড়িতে তাঁর বৃদ্ধ বাবা-মা একা বসবাস করার সুযোগে জালাল আহমেদ লুলু ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে তাঁদের নানাভাবে হয়রানি করে আসছিল। গত ১ সেপ্টেম্বর অভিযুক্ত লুলু দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসীর বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধের চেষ্টা চালান। এ সময় বৃদ্ধ গৌছ মিয়া ও তাঁর স্ত্রী জোসনা বেগম বাধা দিতে আসলে লুলু ও তাঁর সঙ্গীরা তাঁদের ওপর হামলা চালায়। লাঠিসোটার আঘাতে ওই বৃদ্ধ দম্পতি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জালাল আহমেদ লুলু দাবি করেন, তিনি এসব বিষয়ে কিছুই জানেন না। এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতেও অনীহা প্রকাশ করেন তিনি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, প্রবাসীর পিতা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
