দোয়ারাবাজারে বালু উত্তোলনের দায়ে ৪ জনের জেল-জরিমানা
সুনামগঞ্জের দোয়ারাবাজারে চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঘমাড়া এলাকায় স্থানীয় গ্রামবাসীর সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধরমপুর গ্রামের জনৈক কুদ্দুস দীর্ঘদিন ধরে রাতের আঁধারে শ্রমিক ও নৌকা ভাড়া করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। বুধবার বালু উত্তোলনের সময় স্থানীয় জনতা চার শ্রমিককে হাতেনাতে আটক করে প্রশাসনকে খবর দেয়। তবে ঘটনার মূল হোতা হিসেবে অভিযুক্ত কুদ্দুস কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে আটক চার ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানা পরিশোধ করতে না পারলে তাদের প্রত্যেককে ২ মাস করে কারাদণ্ড ভোগের আদেশ দেন আদালত।
জরিমানাপ্রাপ্তরা হলেন— আব্দুল করিম, জাহাঙ্গীর আলম, ইমন ও আলতাব আলী। তারা দোয়ারাবাজার ও পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলন করে যারা পরিবেশ ও নদীর ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
