দোয়ারাবাজারে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে হাত-পা বেঁধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে বেধড়ক মারধর ও গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কদমতলী গ্রামের কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী যুবকের বাবা রাজ চরণ বিশ্বাস।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা ওই যুবককে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর পূর্বপরিকল্পিতভাবে তাকে মারধর করে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে। একপর্যায়ে ধারালো দা দিয়ে তার গলায় আঘাত করে হত্যার চেষ্টা চালানো হয়। এসময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রাজ চরণ বিশ্বাস। এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবককে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
