দোয়ারাবাজারে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সুনামগঞ্জের দোয়ারাবাজারে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দোয়ারাবাজার উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টারের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এইচ এম কামাল এবং এ আর খোকন। এছাড়াও সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও তৃণমূলকে সুসংগঠিত করার লক্ষে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফরিদ মিয়া, মৎস্যজীবী দলের আহ্বায়ক ফারুক মিয়া, যুবদলের আহ্বায়ক মাধব রায় ও সদস্য সচিব জামাল উদ্দিন।
অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান মেম্বার, সদস্য সচিব শামীম পাশা রিগেন, ছাত্রদলের সভাপতি শাহাব উদ্দিন সিহাব ও সদস্য সচিব সাজিদুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দলের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শ তুলে ধরেন। তারা বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অবদান অনস্বীকার্য। তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে ব্যক্তিগত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। বক্তারা আগামী দিনের যেকোনো রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি সফল করতে কঠোর সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাদ জোহর দোয়ারাবাজার জামে মসজিদে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দলের প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির উত্তরোত্তর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এসব কর্মসূচিতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
