সুনামগঞ্জে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
সুনামগঞ্জের তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের বিকাশ এবং নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুনামগঞ্জ শহরের শহীদ জগতজ্যোতি পাঠাগার মিলনায়তনে ‘সিএমএসএমই ও নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি-২০২৬’ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ শহরস্থ সকল তফসিলি ও বিশেষায়িত ব্যাংকের যৌথ উদ্যোগে এবং অগ্রণী ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার সার্বিক লিড ব্যাংকিং তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের যুগ্ম পরিচালক হুমায়রা জাহান রূপু। অগ্রণী ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান চম্পক কিশোর দত্তের সভাপতিত্বে এবং সোনালী ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ কর্পোরেট শাখার সিনিয়র অফিসার তোড়া রায়ের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মোঃ আবুল ফজল; অগ্রণী ব্যাংক পিএলসি, সিলেট পশ্চিম অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এস এম শহিদুল ইসলাম; জনতা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক রনজিত লাল সোম এবং বাংলাদেশ কৃষি ব্যাংক, সুনামগঞ্জের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে হুমায়রা জাহান রূপু বলেন, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং নতুন কর্মসংস্থান তৈরিতে সিএমএসএমই খাত চালিকাশক্তি হিসেবে কাজ করছে। বিশেষ করে প্রান্তিক নারী উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সেবার আওতায় আনা এবং সহজ শর্তে অর্থায়নের সুযোগ সৃষ্টি করা সময়ের দাবি। ব্যাংক ও উদ্যোক্তাদের এই সমন্বিত চেষ্টা স্থানীয় অর্থনীতিকে আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানের এক পর্যায়ে স্থানীয় সফল নারী উদ্যোক্তারা তাদের জীবন সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরেন। নারী উদ্যোক্তাদের পক্ষে বক্তব্য রাখেন সৈয়দা ফারহানা ইমা ও রুসনা বেগমসহ আরও অনেকেই। তারা নিজেদের উদ্যোক্তা হয়ে ওঠার পথচলা, নানামুখী চ্যালেঞ্জ অতিক্রম এবং অর্জিত সফলতার কথা তুলে ধরে নতুনদের উৎসাহিত করেন।
প্রশিক্ষণ কর্মশালায় সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে আসা নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিচালন পদ্ধতি, দক্ষ তহবিল ব্যবস্থাপনা এবং ব্যাংক ঋণের আবেদন প্রক্রিয়া সংক্রান্ত নানা বাস্তবমুখী দিকনির্দেশনা প্রদান করা হয়।
সমাপনী বক্তব্যে সভাপতি চম্পক কিশোর দত্ত অংশগ্রহণকারী সকল ব্যাংকের প্রতিনিধি ও উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, স্থানীয় পর্যায়ে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে এবং উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরিতে আগামীতেও ব্যাংকগুলোর পক্ষ থেকে এ ধরনের সহায়ক ও প্রশিক্ষণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
