সুনামগঞ্জে সাড়ে তিন কোটি টাকার শাড়ি আটক করল বিজিবি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে টাস্কফোর্স অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।
শনিবার (৩১ আগস্ট) ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার শান্তিগঞ্জ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল টাস্কফোর্স গঠনের মাধ্যমে এই অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ২৬৮৪ পিস বিভিন্ন প্রকার উন্নতমানের ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিদয় এবং বিজিবি’র সহকারী পরিচালক (বিজিডিও-৩২৩) মো. সেলিম রানার নেতৃত্বে ১০ জন বিজিবি সদস্য অংশগ্রহণ করেন।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বর্তন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির এই ধরনের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
আটককৃত ভারতীয় শাড়ি ও কাভার্ড ভ্যানটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।
