নবীগঞ্জ-মার্কুলী সড়ক এখন ‘মরণফাঁদ’: দ্রুত সংস্কারের দাবিতে বিশাল মানববন্ধন
নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ-ইনাতগঞ্জ এবং কাজির বাজার-কাদিরগঞ্জ (মার্কুলী) সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে তা জন চলাচলের অনুপযোগী হয়ে ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। এই সড়ক দুটির দ্রুত সংস্কার ও মেরামতের দাবিতে কাজির বাজারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী ও পরিবহন শ্রমিকরা।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় কাজির বাজারে অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সিএনজি শ্রমিক সংগঠনের সভাপতি বাদশা মিয়া। সাংবাদিক রাজন আহমদের পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ তালুকদার।
মানববন্ধনে বক্তারা বলেন, নবীগঞ্জ-ইনাতগঞ্জ ও কাজির বাজার-মার্কুলী সড়কটি এই অঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সাধারণ যাত্রী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং বিশেষ করে মুমূর্ষু রোগীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
বক্তারা আরও উল্লেখ করেন, ইতিপূর্বে স্থানীয় জনতা সড়কের গর্তে ধানের চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। জনস্বার্থে অতি দ্রুত এই মরণফাঁদতুল্য সড়কটি সংস্কারের জন্য তারা জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম তালুকদার, সাংবাদিক নিয়ামুল করিম অপু, রাজন আহমেদ আরিয়ান, শফিকুর রহমান, সুমন আহমেদ, জাকারিয়া আহমেদ, আবু সালেহ, সুহেল মিয়া, সাজ্জাদ আহমেদ, সিএনজি মালিক সমিতির সভাপতি খালেদ আহমদ, শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আকলিছ মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আহমেদ রেজা, সৈয়দ আজমল, আলামিন, মাহবুব, জুবায়ের হোসেন, আলি জাহান ও দুলন মোশাররফ প্রমুখ।
উপস্থিত বক্তা ও এলাকাবাসীর দাবি, বর্তমান সরকার যেন অবিলম্বে এই গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার কাজ শুরু করে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করে।
