খায়রুন মুজিব আহলুস সুন্না মাদ্রাসায় কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে খায়রুন মুজিব আহলুস সুন্না মাদ্রাসার উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) উপজেলার ভুজনা কালিকাপুর এলাকায় অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. হানিফ মিয়ার সভাপতিত্বে এবং শিক্ষক হাফিজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফরিদ উদ্দিন বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শে রয়েছে নৈতিকতা, মানবিকতা, ন্যায়বিচার ও শান্তির পরম শিক্ষা। একটি সমৃদ্ধ ও আদর্শ জাতি গঠনে তাঁর সুন্নাহ ও আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের নবীজির সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন— মো. নজরুল ইসলাম, রজব আলী, জয়নাল আবেদীন, আব্দুল মালিক ও আব্দুন নুর। বক্তারা মাদ্রাসার শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানের সমাপ্তিতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
