টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে নৌকা থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর আব্দুল মাজেদ পিকলু (২৪) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজারের পাশে মানাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মাজেদ পিকলু রাজশাহী সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের মধ্যনওদাপাড়া এলাকার বন বিভাগকর্মী নুরুল ইসলাম বাবুর ছেলে। তিনি রাজশাহীর মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থেকে পিকলুসহ ১০ জনের একটি পর্যটক দল একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সকাল ১০টার দিকে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজারের পাশে মানাই নদীতে প্রয়োজনীয় কেনাকাটার জন্য নৌকাটি নোঙর করা হয়। এ সময় পর্যটকদের কয়েকজন বাজারে যান এবং পিকলুসহ অন্যরা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নৌকা থেকে নদীতে লাফ দেওয়ার পর পিকলু আর পানিতে ভেসে ওঠেননি।
দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে স্থানীয় বাসিন্দা ও সাথে থাকা বন্ধুরা উদ্ধার তৎপরতা শুরু করেন। নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর দুপুর ১টার দিকে ঘটনাস্থলের কাছ থেকেই তার নিথর দেহ উদ্ধার করা হয়।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মোরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পর্যটকেরা হাওরের মূল অংশে পৌঁছানোর আগেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। স্থানীয়দের সহায়তায় দ্রুত মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসনাত চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহটি নৌকাসহ তাহিরপুর থানায় নিয়ে আসা হচ্ছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
টাঙ্গুয়ার হাওর এলাকায় পর্যটকদের চলাচলে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।
