জগন্নাথপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন-এর সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় বক্তারা মাদক ব্যবসা, যানজট নিরসন এবং মানবপাচার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান। বিশেষ করে সীমান্ত ও জনবহুল এলাকায় মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোয়ারা ছাদ মাস্টার, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, কলকলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দীন আহমদ, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান এবং হাফিজ মহিবুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউএনও ইসলাম উদ্দিন বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন বদ্ধপরিকর। মাদক ও যানজট একটি সামাজিক ব্যাধি। এগুলো নির্মূল করতে কেবল অভিযানই যথেষ্ট নয়, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সকল জনপ্রতিনিধি ও দায়িত্বশীলদের নিজ নিজ অবস্থান থেকে এই সামাজিক আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানাই।
সভায় উপজেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা ফুটপাত দখলমুক্ত করে যানজট কমানো এবং কিশোর গ্যাং ও মাদকাসক্তদের আড্ডার বিরুদ্ধে পুলিশের নিয়মিত টহলের দাবি জানান।
