দোয়ারাবাজারে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
সুনামগঞ্জের দোয়ারাবাজারে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মুবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় দোয়ারাবাজার উপজেলা 'ঈদে মিলাদুন্নবী (সা.) বাস্তবায়ন কমিটি'র উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলা সদর মডেল জামে মসজিদ কমপ্লেক্স হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির সভাপতি কাজী মাওলানা আব্দুল কাদির। লতিফিয়া ক্বারী সোসাইটি দোয়ারা পশ্চিম উপজেলার সেক্রেটারি মাওলানা মুজিবুর রহমান ও আল ইসলাহ দোয়ারা পশ্চিম উপজেলা সেক্রেটারি হাফিজ শরিয়ত আলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাসিক পরওয়ানা সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ। তাঁর আদর্শ অনুসরণ করলেই পৃথিবীতে শান্তি ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব। বর্তমান যুগে নবীজীর জীবন ও শিক্ষা চর্চা করা প্রতিটি মুমিনের অপরিহার্য কর্তব্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ মুহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার। প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমাদ উদ্দিন তালুকদার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারী সোসাইটি দোয়ারা পশ্চিমের উপদেষ্টা হাফিজ আমিরুল ইসলাম, সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড দোয়ারাবাজার উপজেলা সভাপতি হাফিজ বুরহান উদ্দিন লায়েক, উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল বাছিত খান এবং আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা সেক্রেটারি ফয়সল আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন দোয়ারা পশ্চিম উপজেলা তালামীযের সভাপতি মাহবুবুর রহমান উজ্জল, সাধারণ সম্পাদক হাফিজ আবু সালেহ, দোয়ারা পূর্ব উপজেলা তালামীযের সভাপতি সাইদুল হাসান শাহান, মাওলানা ফারুক আহমদ খান, ক্বারী জমির উদ্দিন, হাফিজ শহিদুল ইসলাম এবং জীবনপুর হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আনোয়ার, শহিদুল ইসলাম, মাহবুব হুসেন জাকারিয়া, রাসেল আহমদ, ইমরান আহমদ, পাবেল আহমদ জুবেল, নুর হুসেন সিদ্দিকী ও সাদিকুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য মুবারক র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। সবশেষে বিশ্ব মানবতার কল্যাণ ও দেশ-জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
