জগন্নাথপুরে বিভিন্ন মসজিদে বৃক্ষের চারা বিতরণ করলেন এমপি কয়ছর
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন ও ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ সফল করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন মসজিদে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টায় উপজেলা মডেল মসজিদ হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমদ এই চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত চারা বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কয়ছর এম আহমদ। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সবুজায়নের আওতায় আনতে সরকারের এই মহতি উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. সোহরাব হোসেন এবং জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আব্দুল মুকিত, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ সুবহান, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হালিম ডালিমসহ উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মসজিদের ইমাম-মোয়াজ্জিন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন মসজিদের প্রতিনিধিদের হাতে বৃক্ষের চারা তুলে দেন।
