শ্রীমঙ্গলে সিলেট–হবিগঞ্জ বিরতিহীন বাসের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিলেট–হবিগঞ্জ রুটে চলাচলকারী বিরতিহীন বাসের নির্ধারিত যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১১টায় শহরের চৌমুহনা এলাকায় সাধারণ যাত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শ্রীমঙ্গল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন ও বাণিজ্যিক শহর হওয়া সত্ত্বেও সিলেট–হবিগঞ্জ বিরতিহীন বাসগুলো এখানে যাত্রা বিরতি দেয় না। এর ফলে প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং উন্নত চিকিৎসার জন্য যাতায়াতকারী রোগীসহ হাজারো সাধারণ যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বক্তারা আরও বলেন, এক সময় এই বাসগুলোর যাত্রা বিরতি থাকলেও বর্তমানে তা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় অথবা বিকল্প উপায়ে যাতায়াত করতে গিয়ে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় করতে হয়। জনস্বার্থে দ্রুত সময়ের মধ্যে শ্রীমঙ্গলকে এই বাস সার্ভিসের নির্ধারিত স্টপেজ হিসেবে পুনর্বহাল করার দাবি জানান তারা।
হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থা শ্রীমঙ্গলের সভাপতি নিহার রঞ্জন দে-র নেতৃত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগীত শিল্পী তারেক ইকবাল চৌধুরী, কলামিস্ট সৈয়দ আমীরুজ্জান এবং শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্তসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে শ্রীমঙ্গলে বিরতিহীন বাসের যাত্রা বিরতি কার্যকর করা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রায় এক ঘণ্টা স্থায়ী এই মানববন্ধনে ব্যানার ও ফেস্টুন হাতে কয়েকশ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
