মাধবপুর উপজেলা পরিষদে সংসদ সদস্য ফয়সলের পরিদর্শন কক্ষ উদ্বোধন
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সলের দাপ্তরিক কাজ ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ের সুবিধার্থে মাধবপুর উপজেলা পরিষদে নবনির্মিত পরিদর্শন কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় মাধবপুর উপজেলা পরিষদের নিচতলায় ফিতা কেটে এই পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন সংসদ সদস্য এস এম ফয়সল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদি হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান এবং উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার।
সংশ্লিষ্টরা জানান, উপজেলা পরিষদ চত্বরে সংসদ সদস্যের জন্য এই নির্ধারিত পরিদর্শন কক্ষটি স্থাপনের ফলে সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ডের তদারকি এবং দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনা ও মতবিনিময়ের ক্ষেত্রে নতুন গতির সঞ্চার হবে। উদ্বোধনের পর সংসদ সদস্য কক্ষটি ঘুরে দেখেন এবং উপস্থিত কর্মকর্তা ও নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও মাধবপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
