মাধবপুরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা
হবিগঞ্জের মাধবপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘নজরুল বর্ষ’ উদযাপন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদি হাসানের সভাপতিত্বে সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে পাঁচটি বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতার বিষয়গুলো হলো— নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয় ও নৃত্য।
প্রতিযোগিতাটি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য পৃথক দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। নিয়ম অনুযায়ী, প্রথমে ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং সেখানকার বিজয়ীরা উপজেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিযোগীরা পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় মাধবপুর উপজেলার প্রতিনিধিত্ব করবেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদি হাসান বলেন, নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে এই আয়োজন নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির জীবন ও সৃষ্টিকে পৌঁছে দেবে। অত্যন্ত স্বচ্ছতা ও উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন থেকে উপজেলা পর্যায় পর্যন্ত এই প্রতিযোগিতা সম্পন্ন করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
সভায় প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনা, অংশগ্রহণকারী নির্বাচন এবং সূচি নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
