জগন্নাথপুর উপজেলা ও পৌরসভাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌরসভাকে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত মডেল উপজেলা ও মডেল পৌরসভায় রূপান্তরিত করা হবে। তিনি বলেন, আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই এলাকার উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তাই উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টায় জগন্নাথপুর হাসপাতাল পয়েন্ট সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি কয়ছর আহমেদ তাঁর বক্তব্যে আগামী দেড় থেকে দুই বছরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, ইতিমধ্যেই জগন্নাথপুরের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডগুলোতে উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে। আগামী দুই বছরের মধ্যে রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্টের আমূল পরিবর্তন করা হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবা ও শিক্ষার মানোন্নয়নে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জগন্নাথপুরকে আর কেউ অবহেলিত জনপদ বলার সুযোগ পাবে না।
জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত এবং জেলা বিএনপির সদস্য ও এডিশনাল পিপি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন।
উপজেলা বিএনপির ১ম যুগ্ম-আহ্বায়ক জামাল উদ্দিন ও পৌর বিএনপির ১ম যুগ্ম-আহ্বায়ক আব্দুল মতিনের যৌথ সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, হাজী আব্দুস সোবহান, হাজী সুহেল আহমদ খান টুনু, সাবেক সভাপতি রফিকুল ইসলাম খসরু, সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপি নেতা মির্জা আবুল কাশেম স্বপন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সদস্য মির্জা নিকছন, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু প্রমুখ।
এছাড়াও সভায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা জগন্নাথপুরের উন্নয়নে সংসদ সদস্যের নেওয়া উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কারী মাওলানা আরশ আলী। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
