সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ আবদুছ ছাত্তার (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের লেজারবন্দ আনন্দ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবদুছ ছাত্তার উপজেলার বিন্নারবন্দ গ্রামের আব্দুল রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলার টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ আনন্দ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে আবদুছ ছাত্তারকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গ্রেফতারকৃত ছাত্তার দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্টে কৌশলে ইয়াবাসহ বিভিন্ন মাদক কেনাবেচা করে আসছিলেন। তার মাদক ব্যবসার কারণে সীমান্ত এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছিল।
টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও তিনি জানান।
