মাধবপুরে মেধাবৃত্তিপ্রাপ্ত ১১৮ শিক্ষার্থীকে বর্ণাঢ্য সংবর্ধনা
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নোয়াপাড়া ইউনিয়ন প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫-এ কৃতিত্বের স্বাক্ষর রাখা ১১৮ জন শিক্ষার্থীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টায় ৯ নম্বর নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে নোয়াপাড়া আই.বি. সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. জাকিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের সুশিক্ষায় শিক্ষিত করে নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের বৃত্তি ও সম্মাননা প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাদকের ভয়াবহতা নিয়ে তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন থাকতে হবে।” এসময় তিনি এলাকাবাসীর কল্যাণে ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিলেট বিভাগের বিভাগীয় উপপরিচালক এ কে এম সাইফুল হাসান। স্বাগত বক্তব্য দেন নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. আতাউল মোস্তফা সোহেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, সৈয়দ বোরহান উদ্দিন ও শ্যামলী রানী দেব। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার তাগিদ দেন এবং এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে নোয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ১১৮ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
