মাধবপুরে হাসপাতালের পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত আবাসিক ভবন থেকে আনুমানিক ২৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে মেডিকেল অফিসারদের জন্য বরাদ্দকৃত ‘ডালিয়া’ নামক জরাজীর্ণ ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, ‘ডালিয়া’ ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলায় সোমবার দুপুরে আনসার সদস্যরা ওই ভবনটি পরিষ্কার করতে যান। এসময় তারা ভবনের ভেতরে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান বলেন, ভবনটি পরিত্যক্ত হওয়ায় সচরাচর কেউ সেখানে যেতেন না। আজ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে আনসার সদস্যরা ঝুলন্ত মরদেহটি দেখতে পান। ধারণা করা হচ্ছে, ভবনের ভাঙা জানালা দিয়ে ওই যুবক ভেতরে প্রবেশ করেছিলেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মরদেহটি অনেক পুরনো এবং অর্ধগলিত হয়ে গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, অন্তত এক মাস আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
