মাধবপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
হবিগঞ্জের মাধবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সুমন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার সুমন মিয়া উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের ইউনুস মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত সুমন মিয়াকে ৩ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করার নির্দেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকেই সুমন মিয়া গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মো. জামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল রোববার শেষ রাতে তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামি সুমন মিয়াকে সোমবার (১৭ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
