সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় জেলা মৎস্য দপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এর আগে মৎস্য পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি নিজেই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মিজানুর রহমান, সিভিল সার্জন জসিম উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) অসীম চন্দ্র বণিক এবং অতিরিক্ত পুলিশ সুপার চতক চাকমা।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরনূর আলী, এটিএম হেলাল এবং মৎস্যজীবী প্রতিনিধি আতাউর রহমান ও আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা এ কে এম মাহফুজুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ উৎপাদনে আমাদের আরও বেশি উদ্যোগী হতে হবে। পুষ্টি ও আমিষের চাহিদা পূরণে দেশীয় মাছের কোনো বিকল্প নেই। এছাড়া মৎস্য চাষ গ্রামীণ অর্থনীতিতে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মৎস্য খাতের বৈজ্ঞানিক ও টেকসই উন্নয়ন অপরিহার্য।
সভা শেষে মৎস্য খাতের বিভিন্ন পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ জন সফল মৎস্যজীবীর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।
পুরস্কারপ্রাপ্তরা হলেন— দেশীয় মাছ উৎপাদনে আবু বকর, শুঁটকি উৎপাদনে জিল্লুর রহমান বাচ্চু, কার্প মিশ্র জাতীয় মাছ উৎপাদনে আবুল বাসার, হ্যাচারি ক্যাটাগরিতে মো. মাজহারুল ইসলাম রিয়াদ এবং নার্সারি ব্যবস্থাপনার জন্য মো. লিটন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
