কানাইঘাটে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৩ লক্ষাধিক টাকা ও ইয়াবা উদ্ধার
সিলেটের কানাইঘাট থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে মাদক বিক্রির নগদ ৩ লাখ ১০ হাজার ৫০০ টাকা ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নারাইনপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী শরীফ উদ্দিনের বাড়িতে পুলিশের একটি দল সাঁড়াশি অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে মাদক ব্যবসায়ী শরীফ পালিয়ে যান। পরে তার বসতঘর তল্লাশি করে মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ অর্থ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শরীফ উদ্দিন নারাইনপুর গ্রামের তাহের আলীর ছেলে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শরীফ উদ্দিন এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। সে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে মাদক এনে এলাকায় সরবরাহ করত। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং উপজেলাব্যাপী মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
