কানাইঘাটে ইয়াবা ও গাঁজাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে ইউনিয়নের মইনা গ্রামে গড়ে ওঠা একটি মাদকের আস্তানায় হানা দিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— মইনা গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র জামাল আহমদ (৩৮) এবং একই ইউনিয়নের লামাপাড়া গ্রামের মৃত সমছু মিয়ার পুত্র সুরুজ আলী (৪৫)। তাদের কাছ থেকে ২৬ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের দিক-নির্দেশনায় এসআই আব্দুল হান্নান, এএসআই বাপ্পী রুদ্র পাল ও অলিউল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় অপর দুই সহযোগী পালিয়ে যায়।
এদিকে, দীর্ঘদিনের চিহ্নিত এই দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হওয়ার খবর ছড়িয়ে পড়লে রাজাগঞ্জ এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি নেমে আসে। রাতে স্থানীয় জনতা পুলিশকে অভিনন্দন জানিয়ে এলাকায় এক আনন্দ মিছিল বের করেন। স্থানীয়রা জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল, যা যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল। তাদের গ্রেফতারে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত দুই জনসহ অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) আমিনুল ইসলাম জানান, থানা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই দুর্গম এলাকায় অভিযান সফল করতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছাত্র ও যুব সমাজের সহযোগিতা ছিল প্রশংসনীয়। উপজেলার প্রতিটি ইউনিয়নে মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকা অনুযায়ী মাদকবিরোধী সাড়াশি অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, পালিয়ে যাওয়া বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। কোনো মাদক ব্যবসায়ীকেই ছাড় দেওয়া হবে না।
