বড়লেখায় ৪তলা আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মিঠু
মৌলভীবাজারের বড়লেখায় সরকারি সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে চারতলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এই নির্মাণকাজের উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার জেলার নির্বাহী কর্মকর্তা শামীমা খন্দকার, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব আলম মাহবুব এবং সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর সহধর্মিণী ফৌজিয়া আহমদ।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, বড়লেখা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নছিব আলী, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিক, বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো. মুজিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, বড়লেখার অবকাঠামোগত উন্নয়ন ও সরকারি সেবার মান বৃদ্ধিতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ডাকবাংলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি বড়লেখাবাসীর জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ।
তিনি নির্মাণকাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
জেলা পরিষদের বাস্তবায়নে এই চারতলা আধুনিক ডাকবাংলোটি নির্মিত হলে বড়লেখায় আগত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাষ্ট্রীয় অতিথিদের আবাসন সুবিধা আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়াম ও মাধবকুণ্ড গেস্ট হাউজ পরিদর্শন করেন। এসময় তিনি ভবনগুলোর প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে ব্যবহারযোগ্য করে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
