ওসমানীনগরে এসএসসি ও দাখিলে পাসের হার ৫১ শতাংশ
সিলেটের ওসমানীনগর উপজেলায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উপজেলায় এবার গড় পাসের হার প্রায় ৫১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে মোট ৩৫ জন শিক্ষার্থী। ফলাফলে পাসের হারে স্কুলের চেয়ে মাদরাসা সামান্য এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে স্কুলগুলো।
ওসমানীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় মোট ২ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ১ হাজার ৫৭৩ জন।
এসএসসি (সাধারণ) পরীক্ষায় উপজেলার স্কুলগুলো থেকে ১ হাজার ৯০৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ১৭১ জন। পাসের হার ৫১.০২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০ জন। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল শাখায় গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২ জন উত্তীর্ণ হয়েছে এবং একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
উপজেলার স্কুলগুলোর মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে শাহ সিদ্দিকি (রহ.) জামেয়া উচ্চ বিদ্যালয়; এই প্রতিষ্ঠানের পাসের হার ৮০ শতাংশ। সর্বোচ্চ ৯টি জিপিএ-৫ পেয়ে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে রয়েছে মঙ্গলচন্ডী নিশীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। এছাড়া গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
উপজেলার ১১টি মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় মোট ৭১২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৩৭০ জন। পাসের হার ৫১.৯৬ শতাংশ। দাখিলে মোট জিপিএ-৫ পেয়েছে ৫ জন। উল্লেখযোগ্য বিষয় হলো, দাখিলে প্রাপ্ত ৫টি জিপিএ-৫-এর সবগুলোই অর্জন করেছে হযরত শাহজালাল (রাহ.) ফাযিল মাদরাসার শিক্ষার্থীরা। মাদরাসা পর্যায়ে পাসের হারে শীর্ষে রয়েছে চাতলপর জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা (৬৮ শতাংশ)।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা ফলাফলের বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, অন্যান্য উপজেলার তুলনায় আমাদের উপজেলার ফলাফল ভালোই হয়েছে। আশা করি, সামনের বছরগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় ওসমানীনগরের শিক্ষার মান ও ফলাফল আরও উন্নত হবে।
