জৈন্তাপুরে যুবকের যুলন্ত লাশ উদ্ধার
সিলেটের জৈন্তাপুর উপজেলায় জিয়াউর রহমান (৪০) নামে এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নিজপাট ইউনিয়নের ডৌডিক (পশ্চিম) গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
নিহত জিয়াউর রহমান উপজেলার নিজপাট ইউনিয়নের ডৌডিক (পশ্চিম) গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জিয়াউর রহমান স্থানীয় সারিঘাট বাজারে যান। সেখান থেকে আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে বাড়িতে ফিরে তিনি বসতঘরের শয়নকক্ষে চলে যান। পরে ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। একপর্যায়ে সকাল সাড়ে ১১টার দিকে তার মা পারভিন বেগম খাবারের জন্য ডাকাডাকি করে সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় জিয়াউর রহমানকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। পরে বিষয়টি জৈন্তাপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, রোববার সকালে জিয়াউর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এর পরদিনই জিয়াউর রহমানের মৃত্যুর ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

