ধর্মপাশায় কর্মস্থল ফেলে প্রবাসে পাড়ি দেয়ায় দুই শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থেকে বিদেশে পাড়ি জমানোর দায়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত শিক্ষকরা হলেন—উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাপিয়া সুলতানা এবং নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিন্স চন্দ্র তালুকদার। তারা দুজনই বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।
রোববার (১০ আগস্ট) এ সংক্রান্ত একটি অফিস আদেশ সাংবাদিকদের হাতে এসেছে। এর আগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী দীর্ঘ তদন্ত ও বিভাগীয় মামলা শেষে তাদের বিরুদ্ধে ‘অসদাচরণ ও পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় এ কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক পাপিয়া সুলতানা গত বছরের মে মাসে চিকিৎসার কথা বলে ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। ছুটির মেয়াদ শেষ হলেও তিনি আর কর্মস্থলে ফিরে আসেননি। অন্যদিকে, প্রিন্স চন্দ্র তালুকদার গত বছরের ৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চিকিৎসাজনিত ছুটি নিয়ে অস্ট্রেলিয়া চলে যান এবং তিনিও আর বিদ্যালয়ে যোগদান করেননি।
তদন্তে জানা গেছে, উভয় শিক্ষকই তাদের বিদেশ যাওয়ার তথ্য প্রধান শিক্ষক বা শিক্ষা কার্যালয়ের কাছে সম্পূর্ণ গোপন রেখেছেন। এমনকি প্রিন্স চন্দ্র তালুকদার পাসপোর্ট করার জন্যও যথাযথ কর্তৃপক্ষের কোনো অনুমতি নেননি।
এ ঘটনার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও (গ) উপবিধি অনুযায়ী বিভাগীয় মামলা দায়ের করা হয়। চলতি বছরের ১৫ মার্চ তাদের স্থায়ী ঠিকানায় অভিযোগনামা পাঠিয়ে জবাব চাওয়া হলেও তারা কোনো উত্তর দেননি। পরবর্তীতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় গত ৩০ জুন তাদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাপিয়া সুলতানা ও প্রিন্স চন্দ্র তালুকদার বিধি লঙ্ঘন করে কর্মস্থলে অনুপস্থিত থেকে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই দুই শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে।
