মধ্যনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। রোববার (৯ আগস্ট) সকাল ১০টায় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) মধ্যনগর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ইছামারি কারিতাস অফিস প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদানের আয়োজন করা হয়।
টিডব্লিউএ মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মি. বেলাল নকরেকের সভাপতিত্বে এবং সংগঠনের ভাইস চেয়ারম্যান উত্তম স্নালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মুক্তার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. হযরত আলী এবং বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক দীপক রংদি ও নিরুপমা রংদি প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যগত জ্ঞান, বৈচিত্র্যময় সংস্কৃতি ও জীবনযাত্রা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক মানোন্নয়নে সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও জোরালো উদ্যোগ নেওয়া প্রয়োজন। বক্তারা আরও বলেন, আদিবাসী ও বাঙালির পারস্পরিক সম্প্রীতির মাধ্যমেই দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।
সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।
