নবীগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন মাওলানাসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (আজ) সকাল ৬টা ১০ মিনিটের দিকে উপজেলার রুকুনপুর বাজারের দক্ষিণ পাশে বড়চর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে মাওলানা মশহুদ আহাম্মদ (৪০), একই ইউনিয়নের ইনাতগঞ্জ বাজার এলাকার আব্দুল করিমের ছেলে ময়না মিয়া (৪২) এবং দক্ষিণ গ্রাম এলাকার ময়না মিয়ার ছেলে কাশেম মিয়া (৫০)।
শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাওলানা মশহুদ আহাম্মদ মারা যান। এ সময় চালকসহ আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ময়না মিয়া ও কাশেম মিয়া মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। বর্তমানে বাস ও পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
