মাধবপুরে নোয়াপাড়া চা বাগানের কর্মবিরতি প্রত্যাহার
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ও মজুরি পরিশোধের আশ্বাসে চলমান কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। আগামীকাল সোমবার (১০ আগস্ট) থেকে বাগানের প্রায় ৮৬০ জন শ্রমিক পুনরায় কাজে যোগ দেবেন। একই দিন শ্রমিকদের বকেয়া সাপ্তাহিক মজুরি পরিশোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বাগান কর্তৃপক্ষ ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শ্রমিক নেতারা তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত অভিযোগ তুলে ধরে বলেন, ২০২২ সাল থেকে তাদের বেতন ও তলব নিয়ে মালিকপক্ষ নানা টালবাহানা করছে। দীর্ঘদিন ধরে প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) টাকা জমা হচ্ছে না এবং শ্রমিকরা যথাযথ চিকিৎসা সেবা ও খরচ থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া গত ৮-১০ বছর ধরে শ্রমিকদের বসতঘর মেরামত করা হয়নি এবং বাগানের স্টাফদের পদোন্নতিও বন্ধ রয়েছে। মূলত গত দুই সপ্তাহ ধরে মজুরি না পাওয়ায় বাধ্য হয়ে তারা কর্মবিরতির ডাক দিয়েছিলেন।
ইউপি সদস্য সোমা র্যালি সভায় জানান, মজুরি পরিশোধের বিষয়টি নিশ্চিত হওয়ায় শ্রমিকরা কাজে ফিরতে রাজি হয়েছেন। তবে বাগানের আবাসন সমস্যা, চিকিৎসা ও প্রভিডেন্ট ফান্ডের মতো দীর্ঘস্থায়ী সমস্যাগুলো দ্রুত সমাধানের দাবি জানান তিনি।
পরে ইউএনও এবং শ্রমিক নেতাদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, সোমবার সকাল থেকে শ্রমিকরা কাজে ফিরবেন এবং একই দিনে তাদের বকেয়া মজুরি প্রদান করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি কমেট নায়েক, সাধারণ সম্পাদক মনিলাল বৌড়ি, ইউপি সদস্য দুলাল ঘোষ, বাবুল চন্দ্র র্যালি এবং সোমা র্যালিসহ শ্রমিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
