অটোরিকশার ওপর ট্রাক উঠে প্রাণ ঝরলো দু’জনের, বাস খাদে পড়ে আহত ২০
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক দুটি দুর্ঘটনায় দু’জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। এসব ঘটনায় মহাসড়কে আড়াই ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। ফলে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার দুপুরে বেজুরা সেতু এলাকায় তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি পাশ দিয়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে গেলে অটোরিকশাযাত্রী আবুল খায়ের (৫০) ও ট্রাকযাত্রী রিপন মিয়া (২৭) ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনী ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে আন্দিউড়া এলাকায় মহাসড়কের নির্মাণাধীন অংশে নরম মাটিতে চাকা দেবে বিলাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। বাসটির গতি কম থাকায় বড় কোনো প্রাণহানি না ঘটলেও অন্তত ২০ জন যাত্রী সামান্য আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করে।
মাধবপুর থানার এসআই ফারুক মিয়া জানান, বাসটির গতি কম থাকায় কোনো নিহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনায় প্রায় ২০ জন যাত্রী সামান্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়ার পর অন্য যানবাহনে করে গন্তব্যে পাঠানো হয়েছে।
